bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

ঈমান নবায়ন নিয়ে নবী ﷺ এর নির্দেশনা

আবদুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন:

«عَن عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رضي الله عَنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إنّ الإِيمانَ لَيَخْلَقُ في جَوْفِ أحدِكُمْ كما يَخْلَقُ الثَّوْبُ فاسْأَلُوا اللهَ تعالى أن يُجَدِّدَ الإِيمانَ في قُلُوبِكُمْ»

“তোমাদের কারো অন্তরে ঈমান জীর্ণ হয়ে যায় যেমন কাপড় জীর্ণ হয়ে যায়। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, যেন তিনি তোমাদের অন্তরে ঈমান নতুন করে দেন।”[১]

ব্যাখ্যা

ঈমান আমল দ্বারা বৃদ্ধি পায় এবং গুনাহ দ্বারা হ্রাস পায়। একজন মু’মিনের উচিত সর্বদা নিজের ঈমান নতুন ও বৃদ্ধি করার চেষ্টা করা। এই হাদীস সে দিকেই ইঙ্গিত করে।
রসূলুল্লাহ ﷺ বলেছেন: “ঈমান তোমাদের অন্তরে জীর্ণ হয়ে যায়”—অর্থাৎ মুসলিমের হৃদয়ে ঈমান দুর্বল হয়ে যায়, যেমন কাপড় দীর্ঘ ব্যবহারে পুরনো ও জীর্ণ হয়ে যায়। এর কারণ হতে পারে ইবাদতে অলসতা, গুনাহ করা, বা নফসকে কিছু শওহাতের (কামনা-বাসনা) মধ্যে ডুবিয়ে রাখা।
এরপর তিনি বলেছেন: “যেমন কাপড় জীর্ণ হয়ে যায়”—অর্থাৎ নতুন কাপড় ব্যবহারের কারণে ধীরে ধীরে জীর্ণ হয়।
“তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো”—দোয়া, সৎকর্ম, ফরজ পালন, নফল ইবাদত, দান-সদকা, অভাবীদের সাহায্য, আল্লাহর কিতাব ও মহাবিশ্বের নিদর্শনসমূহ নিয়ে চিন্তাভাবনা, অধিক পরিমাণে যিকর, ইস্তিগফার, এবং যিকর ও ইলমের মজলিসে উপস্থিত থাকার মাধ্যমে—“যেন তিনি তোমাদের অন্তরে ঈমান নতুন করে দেন।” ঈমান নতুন করা মানে হলো পূর্বের শক্ত অবস্থায় ফিরিয়ে আনা এবং আরও বৃদ্ধি করা—যতক্ষণ না হৃদয়ে আল্লাহর বাইরে আর কোনো কিছুর প্রতি আকর্ষণ অবশিষ্ট থাকে না এবং কেবল তাঁর প্রতিই ভালোবাসা ও আগ্রহ কেন্দ্রীভূত হয়।

এই হাদীসে ঈমান নবায়নের জন্য আল্লাহর কাছে দোয়া করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যাতে তিনি আমাদের অন্তরে ঈমানকে নবায়ন করে দেন এবং ঈমানের ওপর স্থির রাখেন। দোআ ছাড়াও ঈমান নবায়ন করার আরেক পদ্ধতি হচ্ছে, আল্লাহর যিকির করা। সে যিকির যা কুরআন ও সহীহ হাদীসে সাব্যস্ত হয়েছে। আর সাব্যস্ত যিকির এর মধ্যে সেরা যিকির হচ্ছে “লা ইলাহা ইল্লাল্লাহ”, “সুবহানাল্লাহ”, “আলহামদুলিল্লাহ”, “আল্লাহু আকবার”, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ”। অনুরূপ আছে ইস্তেগফার ও রাসূলের ওপর সালাত ও সালাম।

অপর হাদীসে আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“তোমরা তোমাদের ঈমান নবায়ন করো।” লোকেরা জিজ্ঞেস করল: হে আল্লাহর রাসূল ﷺ, আমরা কীভাবে আমাদের ঈমান নবায়ন করব? তিনি বললেন: “লা ইলাহা ইল্লাল্লাহ অধিক পরিমাণে বল।”[২]

সুফিয়ান আস-সাওরি রহিমাহুল্লাহ বলেছেন:

লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেয়ে ইবলিসের পিঠ ভেঙে দেওয়ার মতো শক্তিশালী আর কিছু নেই।[৩]

ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ বলতেন:

আল্লাহর কসম, আমি এখনো প্রত্যেক সময় আমার ইসলাম নবায়ন করি; আমি এখনো একটি পূর্ণাঙ্গ উত্তম ইসলাম গ্রহণ করতে পারিনি![৪]

ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আলী ইবনু আবি তালিব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন:

ঈমান হলো অন্তরে একটি সাদা বিন্দুর মতো। যখন ঈমান বাড়ে, তখন সেই সাদা বিন্দুও বাড়তে থাকে। যতক্ষণ না পূর্ণ হয়, তখন পুরো হৃদয় সাদা হয়ে যায়। আবার নিফাক (কপটতা) হলো অন্তরে একটি কালো বিন্দুর মতো। যখন নিফাক বাড়ে, তখন সেই কালো বিন্দুও বাড়তে থাকে। যতক্ষণ না পূর্ণ হয়, তখন পুরো হৃদয় কালো হয়ে যায়। আল্লাহর কসম! যদি তোমরা কোনো মু’মিনের হৃদয় চিরে দেখতে, তবে সেটি সাদা দেখতে; আর যদি কোনো মুনাফিকের হৃদয় চিরে দেখতে, তবে সেটি কালো দেখতে।[৫]

আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সবার অন্তরের ঈমানকে নবায়ন করে দেন।

  1. [১]সহীহুল জামে’উ, হাদীস নং ১৫৯০; হুকুম: সহীহ; তাখরীজ: ত্বাবারানী ১৪/৭০ (১৪৬৬৮), হাকিম ৫, দাইলামী “আল-ফিরদাউস” ৩৮৭, সামান্য ভিন্ন বর্ণনাসহ।
  2. [২]মুসনাদে আহমদ (১৬/২৮৯)। এ হাদীসের সনদ দুর্বল, তবে এটি শারঈ উসূলের অধীন। শারঈ মূলনীতি ঈমান নবায়নের জন্য “লা ইলাহা ইল্লাল্লাহ বলাকে” সমর্থন করে।
  3. [৩]সিয়ারু আ‘লামিন নুবালা (৭/২৬০)।
  4. [৪]মাদারিজুস সালিকীন (১/৫২০)।
  5. [৫]আল-যুহদ ওয়ার-রিকাক, পৃষ্ঠা ৮৩৮।
Share on